দীর্ঘ প্রায় পাঁচ মাস কমিশনশূন্য থাকার পর নতুন নেতৃত্ব পেল দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।
একই সঙ্গে কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সরকারের সাবেক সচিব ড. জাহাঙ্গীর আলম খান এবং আর্থিক প্রতিবেদন কাউন্সিলের (এফআরসি) সাবেক চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর বিধান অনুযায়ী নতুন কমিশনের সদস্যদের নিয়োগ দেওয়া হয়েছে।
আইন অনুযায়ী, দুদক চেয়ারম্যান আপিল বিভাগের একজন বিচারকের সমপরিমাণ বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। আর কমিশনারদের জন্য নির্ধারিত থাকবে হাইকোর্ট বিভাগের বিচারকের সমান সুযোগ-সুবিধা।
নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি। কমিশনার ড. জাহাঙ্গীর আলম খান সরকারের সচিব হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
অন্যদিকে ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর কমিশনার।
তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে অর্থ মন্ত্রণালয়ের অধীন আর্থিক প্রতিবেদন কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।
এর আগে গত ৩ মার্চ তৎকালীন দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ পদত্যাগ করেন।
এরপর থেকেই কমিশনটি কার্যত নেতৃত্বশূন্য ছিল।
নতুন তিন সদস্যের নিয়োগের মধ্য দিয়ে প্রায় পাঁচ মাস পর দুদকের শীর্ষ নেতৃত্বের শূন্যতা কাটল।
এসআর