[email protected] মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
৩ ভাদ্র ১৪৩৩

বদলে যাচ্ছে অর্থবছরের সময়সূচি, ২০২৭-২৮ হবে ৯ মাসের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ আগষ্ট ২০২৬ ৯:৪৩ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশে অর্থবছরের প্রচলিত সময়সূচিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বর্তমানে জুলাই থেকে জুন পর্যন্ত অর্থবছর গণনা করা হলেও ২০২৮-২৯ অর্থবছর থেকে এপ্রিল-মার্চ সময়কে নতুন অর্থবছর হিসেবে কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

 

সোমবার রাতে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

 

নতুন কাঠামো চালুর আগে ২০২৭-২৮ অর্থবছরকে অন্তর্বর্তী সময় হিসেবে ধরা হবে। ওই অর্থবছরটি ২০২৭ সালের জুলাই থেকে শুরু হয়ে ২০২৮ সালের মার্চে শেষ হবে। অর্থাৎ এর মেয়াদ হবে নয় মাস।

 

এরপর ২০২৮-২৯ অর্থবছর থেকে প্রতি বছর ১ এপ্রিল শুরু হয়ে ৩১ মার্চ শেষ হবে অর্থবছর। অর্থবছরের এই পরিবর্তনের ফলে সরকারি আর্থিক কার্যক্রমের সময়সূচিও নতুন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য করা হবে।

 

মন্ত্রিপরিষদ বিভাগের ব্যাখ্যায় বলা হয়েছে, বর্তমান জুলাই-জুন অর্থবছরের কারণে বর্ষাকালে বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ চলতে থাকে। এতে প্রকল্প বাস্তবায়নে সময় বাড়ার পাশাপাশি কাজের মান ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে এবং জনদুর্ভোগও তৈরি হয়। এপ্রিল-মার্চ অর্থবছর চালু হলে বর্ষা শুরুর আগেই অনেক উন্নয়নকাজ শেষ করার সুযোগ তৈরি হবে।

 

অর্থবছর পরিবর্তনের প্রক্রিয়া নির্ধারণে মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, লেজিসলেটিভ বিভাগ, অর্থ বিভাগসহ সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে একটি কমিটি কাজ করবে।

 

এ জন্য সংবিধান ও জেনারেল ক্লজেস অ্যাক্ট, ১৮৯৭-এ প্রয়োজনীয় সংশোধন আনতে হতে পারে। পাশাপাশি সরকারি আর্থিক ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রযুক্তিনির্ভর ব্যবস্থাতেও পরিবর্তন আনতে হবে।

 

সরকারের পরিকল্পনা অনুযায়ী, নয় মাসের অন্তর্বর্তী অর্থবছর শেষ হওয়ার পর ২০২৮-২৯ অর্থবছর থেকে এপ্রিল-মার্চ সময়সূচিতে সরকারি সব কার্যক্রম পরিচালিত হবে।

এসআর

সম্পর্কিত খবর