উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলে থাকা সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে মৌসুমি
নিম্নচাপে পরিণত হয়ে বর্তমানে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থান করছে। এর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের সব বিভাগেই দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি এবং স্থানভেদে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ঢাকা ও ময়মনসিংহের অনেক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে, সেই সাথে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
এরপর মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও আট বিভাগের বহু স্থানে একই ধরণের বৃষ্টিপাত বজায় থাকবে এবং দিন-রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। বুধবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেটের অনেক স্থানে এবং বাকি বিভাগগুলোর কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার ফলে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। পরবর্তীতে বৃহস্পতিবার ও শুক্রবার সারাদেশে পুনরায় বৃষ্টিপাতের বিস্তার ঘটতে পারে; এতে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণসহ বৃহস্পতিবার দিনের তাপমাত্রা বৃদ্ধি এবং শুক্রবার তা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।
এসআর