[email protected] সোমবার, ১৭ আগস্ট ২০২৬
১ ভাদ্র ১৪৩৩

চা শিল্পের সংকট মোকাবিলায় সরকারের নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ আগষ্ট ২০২৬ ৫:৪১ পিএম

সংগৃহীত ছবি

দেশের চা শিল্পের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে তা সমাধানের পথ বের করতে একটি মনিটরিং ও পরামর্শক কমিটি গঠন করেছে সরকার।

রোববার (১৬ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

 

কমিটির সভাপতি করা হয়েছে বাণিজ্যমন্ত্রীকে। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব দায়িত্ব পালন করবেন সদস্য সচিব হিসেবে। কমিটিতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ভূমি মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব, কৃষি মন্ত্রণালয়ের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ চা সংসদের চেয়ারম্যানকে সদস্য রাখা হয়েছে।

 

এ ছাড়া বাংলাদেশ চা সংসদের সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক এবং টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যানও কমিটির সদস্য হিসেবে থাকবেন।

 

প্রজ্ঞাপনে কমিটির দায়িত্ব ও কাজের পরিধি নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর মধ্যে চা বাগান মালিকদের শ্রেণিকৃত ঋণ পুনঃতপশিলের মাধ্যমে পরিশোধের সুযোগ তৈরি এবং প্রয়োজন অনুযায়ী নতুন ঋণ দেওয়ার বিষয়ে সুপারিশ করার বিষয়টি রয়েছে।

 

চা খাতের জন্য ৬ শতাংশ সুদে একটি আবর্তক তহবিল গঠনের বিষয়েও মতামত দেবে কমিটি। একই সঙ্গে চাকে কৃষিপণ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব এবং চা বাগানের অনাবাদি বা অব্যবহৃত জমিতে বাণিজ্যিকভাবে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের সম্ভাবনা পর্যালোচনা করে মতামত দিতে বলা হয়েছে।

 

এসব বিষয়ে কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন জমা দিতে হবে।

 

প্রয়োজনে কমিটি নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। প্রয়োজন অনুযায়ী কমিটির সভা আয়োজন করা হবে এবং প্রজ্ঞাপন জারির সঙ্গে সঙ্গেই কমিটির কার্যক্রম শুরু হয়েছে।

 

সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি চা শিল্পের প্রতিনিধিদের কমিটিতে রাখায় ঋণ পুনর্গঠন, অর্থায়ন, উৎপাদন বৃদ্ধি এবং বাগানের অব্যবহৃত জমির কার্যকর ব্যবহারের মতো বিষয়গুলোতে সমন্বিত সুপারিশ পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর