নারীদের শিক্ষার সুযোগ আরও বাড়াতে স্নাতক (ডিগ্রি) পর্যায় পর্যন্ত নারী শিক্ষার্থীদের জন্য শিক্ষা অবৈতনিক করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পাশাপাশি ভালো ফল করা ছাত্রীদের উপবৃত্তি দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী এসব পরিকল্পনার কথা তুলে ধরেন।
তিনি বলেন, দেশের বিভিন্ন খাল ও জলাশয়ে পর্যায়ক্রমে মাছের পোনা অবমুক্ত করা হবে। এর ফলে মৎস্যসম্পদের উৎপাদন বাড়ানোর পাশাপাশি সাধারণ মানুষের কাছে মাছের সরবরাহ ও প্রাপ্যতা বাড়বে।
কৃষকদের বিষয়ে সরকারপ্রধান বলেন, কৃষি খাতকে শক্তিশালী করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজন অনুযায়ী কৃষকদের সহায়তা করা হবে। কৃষকদের স্বার্থ রক্ষা এবং কৃষির উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার কথাও জানান তিনি।
নারী শিক্ষার প্রসঙ্গে তারেক রহমান বলেন, নারীদের এগিয়ে নিতে স্নাতক পর্যন্ত তাদের শিক্ষা বিনা খরচে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
মেধাবী ও ভালো ফলাফল করা ছাত্রীদের জন্য উপবৃত্তির ব্যবস্থাও থাকবে। এ ছাড়া দেশের দরিদ্র পরিবারের ১ লাখ ২০ হাজার শিক্ষার্থীকে স্কুলের পোশাক ও ব্যাগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের জীবনযাত্রার মান উন্নত করা এবং মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানোই সরকারের মূল লক্ষ্য। জনগণের জন্য কল্যাণকর যেসব উদ্যোগ নেওয়া প্রয়োজন, সরকার সেগুলো বাস্তবায়নে কাজ করবে।
রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বিএনপি যখনই ক্ষমতায় এসেছে, তখন কিছু রাজনৈতিক দল অস্থিরতা তৈরির চেষ্টা করেছে।
রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর যেকোনো প্রচেষ্টা প্রতিহত করতে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য এখন ঐক্যবদ্ধভাবে কাজ করার সময়। ফ্যাসিবাদ থেকে দেশকে মুক্ত করার পর রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনে সবাইকে একসঙ্গে ভূমিকা রাখতে হবে।
দেশের উন্নয়নে জনগণের অংশগ্রহণও গুরুত্বপূর্ণ।
দেশের অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। কেউ যেন পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সেদিকেও নজর রাখতে হবে।
দেশের বর্তমান অবস্থা প্রসঙ্গে প্রধানমন্ত্রী প্রশ্ন তোলেন, অতীতে যদি দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়ে থাকত, তাহলে আজ নানা সংকট দেখা দিচ্ছে কেন? অপরিকল্পিত বিভিন্ন কর্মকাণ্ডের কারণে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহে সমস্যার সৃষ্টি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, জনগণ ও দেশের স্বার্থের পরিপন্থী কোনো সিদ্ধান্ত সরকার নেবে না।
শান্তি, স্থিতিশীলতা এবং মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিয়েই সরকারের কার্যক্রম পরিচালিত হবে।
এসআর