[email protected] রবিবার, ১৬ আগস্ট ২০২৬
১ ভাদ্র ১৪৩৩

অনুকূল পরিবেশ নিশ্চিত না হলে ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৬ আগষ্ট ২০২৬ ১:১৬ পিএম

সংগৃহীত ফাইল

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের ক্ষেত্রে অনুকূল পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন না বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ বিষয়ে দিল্লির সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশের অবস্থান জানানো হয়েছে।

রোববার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের অতিরিক্ত পররাষ্ট্র সচিব একেএম শহীদুল করিম এসব তথ্য জানান।

তিনি বলেন, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো এবং ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত ব্যক্তিসহ বিভিন্ন মামলায় পলাতক আসামিদের প্রত্যর্পণের বিষয়ে অগ্রগতি দেখতে চায় ঢাকা।

পাশাপাশি দুই দেশের মধ্যে অনুকূল পরিবেশ নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বপূর্ণ।

একেএম শহীদুল করিম বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণসহ বিভিন্ন মামলায় অভিযুক্ত পলাতকদের ফেরত আনার বিষয়ে ভারতের সহযোগিতা প্রত্যাশা করছে বাংলাদেশ।

এসব বিষয়ে ইতিবাচক পরিবেশ তৈরির জন্যই ঢাকার পক্ষ থেকে দিল্লিকে বার্তা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আগে প্রয়োজনীয় অনুকূল পরিবেশ তৈরির বিষয়টি বাংলাদেশের পক্ষ থেকে গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়ে আলোচনা চলার মধ্যেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ অবস্থান জানানো হলো।

এসআর

সম্পর্কিত খবর