[email protected] রবিবার, ১৬ আগস্ট ২০২৬
১ ভাদ্র ১৪৩৩

১০ বছর মেয়াদি জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ আগষ্ট ২০২৬ ৮:৫৬ পিএম

সংগৃহীত ছবি

দেশের চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকট মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আগামী ২৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া জাতীয় সংসদের অধিবেশনে আগামী ১০ বছরের জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরা হবে বলে জানিয়েছেন তিনি।

 

শনিবার (১৫ আগস্ট) বিকেলে রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি কলোনি মাঠে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

 

এ সময় দেশের স্বাস্থ্যসেবার উন্নয়নে বড় ধরনের উদ্যোগের কথাও জানান তিনি। আগামী পাঁচ বছরের মধ্যে দেশের ৫০৩টি উপজেলার প্রতিটিতে ১৫১ শয্যার হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

 

তারেক রহমান বলেন, এসব হাসপাতালে স্থানীয় জনগণ প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন। একই সঙ্গে স্বাস্থ্যখাতকে আরও শক্তিশালী করতে সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

 

দেশের বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত পদক্ষেপ নিচ্ছে। মানুষের দুর্ভোগ কমানোই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।

 

জ্বালানি সংকট মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, ২৭ আগস্ট সংসদের অধিবেশন শুরু হলে সেখানেই আগামী ১০ বছরে দেশের জ্বালানি চাহিদা ও সংকট মোকাবিলায় সরকারের করণীয় তুলে ধরা হবে।

 

গ্যাস সরবরাহ বাড়াতে সরকারের কূটনৈতিক উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তার ভাষ্য অনুযায়ী, আগের সরকারের সময়ে তৃতীয় এলএনজি জাহাজ আনার অনুমতি বাতিল করা হয়েছিল। এখন সেটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

 

এ বিষয়ে চীন ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। তৃতীয় এলএনজি জাহাজ দেশে এলে গ্যাসের সংকট অনেকটাই কমবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তবে জাহাজ প্রস্তুত ও সরবরাহে সময় প্রয়োজন হওয়ায় সংকট মোকাবিলায় জনগণকে কিছুটা ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

 

দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে অর্থনীতিসহ বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন সেই পরিস্থিতি কাটিয়ে দেশকে নতুনভাবে গড়ে তুলতে সরকার কাজ করছে।

এসআর

সম্পর্কিত খবর