[email protected] রবিবার, ১৬ আগস্ট ২০২৬
১ ভাদ্র ১৪৩৩

অক্টোবরে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল- প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ আগষ্ট ২০২৬ ২:০৫ পিএম

শিশুদের চিকিৎসাসেবা আরও সহজলভ্য করতে দেশের পাঁচটি অঞ্চলে ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর উদ্যোগ নিয়েছে সরকার।

খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী বিভাগ এবং কুমিল্লায় হাসপাতালগুলো স্থাপন করা হচ্ছে।

আগামী অক্টোবরের মধ্যে একসঙ্গে পাঁচটি হাসপাতালের কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের নতুন ৫০০ শয্যার ভবন উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ভবনটির উদ্বোধন করেন।

এ সময় তিনি হাসপাতাল চত্বরে একটি গাছের চারা রোপণ করেন। পরে মোনাজাতে অংশ নেওয়ার পাশাপাশি বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন কার্যক্রম সম্পন্ন করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শুধু হাসপাতালের অবকাঠামো বৃদ্ধি বা উন্নত প্রযুক্তি সংযোজন যথেষ্ট নয়।

এর সঙ্গে দক্ষ জনবল, কার্যকর ব্যবস্থাপনা, সুশাসন এবং যুগোপযোগী নীতির সমন্বয় প্রয়োজন। এসবের মাধ্যমে দেশের মানুষের জন্য মানসম্মত, সাশ্রয়ী ও সহজপ্রাপ্য চিকিৎসা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।

তিনি বলেন, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন চালুর ফলে দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় সক্ষমতা আরও বাড়বে।

বিশেষ করে জটিল স্নায়ুরোগের চিকিৎসায় প্রতিষ্ঠানটির ভূমিকা আরও বিস্তৃত হবে।

তারেক রহমান আরও বলেন, ২০০৬ সালের ২৩ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া এই হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।

পরবর্তী সময়ে মানুষের চিকিৎসা চাহিদা ও সময়ের প্রয়োজন বিবেচনায় হাসপাতালটিতে আধুনিক সুযোগ-সুবিধা যুক্ত করা হয়েছে এবং এর পরিসরও বৃদ্ধি পেয়েছে।

নতুন ভবন নির্মাণ ও হাসপাতালের চিকিৎসাসেবা সম্প্রসারণে অবদান রাখায় চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, টেকনিশিয়ানসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

এসআর

সম্পর্কিত খবর