বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট অতুল কেশবের নেতৃত্বাধীন মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিদল।
বৈঠকে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণ, পারস্পরিক বিনিয়োগ বাড়ানো এবং বাংলাদেশের বিভিন্ন খাতে মার্কিন বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করার বিষয়েও মতবিনিময় করেন তারা।
প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক দীর্ঘদিনের এবং বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত। বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে এ সম্পর্ককে আরও কার্যকর ও শক্তিশালী করা সম্ভব।
বাংলাদেশে মার্কিন বিনিয়োগকারীদের জন্য বিদ্যমান সুযোগ এবং সম্ভাবনাময় খাতগুলো তুলে ধরে তিনি বলেন, বিনিয়োগ ও ব্যবসার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে।
পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, অর্থনৈতিক রূপান্তরের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে। এ সময়ে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারত্ব বাড়ানো গেলে অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থান, প্রযুক্তি এবং জ্ঞান বিনিময়ের সুযোগও বাড়বে।
অতুল কেশব বাংলাদেশের অর্থনীতির সম্ভাবনা ও বিনিয়োগ পরিবেশের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। দুই দেশের বেসরকারি খাতের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ব্যবসায়িক সম্পর্ককে আরও শক্তিশালী করতে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল কাজ করতে আগ্রহী।
বৈঠকে শিল্প ও অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি, ডিজিটাল অর্থনীতি এবং স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে মার্কিন বিনিয়োগের সুযোগ নিয়েও আলোচনা হয়।
দুই পক্ষই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি যৌথ অংশীদারত্ব জোরদারের ওপর গুরুত্ব দেয়। এর মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
এসআর