[email protected] শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
২৯ শ্রাবণ ১৪৩৩

সন্ধ্যার পর বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা স্বাভাবিকের আশা: জ্বালানি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ আগষ্ট ২০২৬ ৫:০৯ পিএম

চলমান বিদ্যুৎ সংকটের মধ্যে বুধবার সন্ধ্যার পর পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে আশাবাদ জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

বুধবার (১২ আগস্ট) দুপুরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে সরকার নতুন কিছু কৌশল গ্রহণ করেছে। এর সুফল সন্ধ্যার পর থেকে পাওয়া যেতে পারে বলে আশা করছেন তারা।

প্রতিমন্ত্রী বলেন, গতকাল সন্ধ্যা থেকেই বিদ্যুৎ পরিস্থিতি মোকাবিলায় একটি কৌশল নিয়ে কাজ শুরু হয়েছে। সেই উদ্যোগের কারণে আজ সন্ধ্যা থেকে পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হওয়ার প্রত্যাশা রয়েছে।

মালয়েশিয়া থেকে এলএনজি আনার বিষয়ে জানতে চাইলে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দেশটি থেকে অন্তত এক কার্গো এলএনজি পাওয়ার বিষয়ে তারা আশাবাদী।

তবে আইএসও ট্যাংকের মাধ্যমে এলএনজি আমদানি করতে হলে সেটি সময়সাপেক্ষ প্রক্রিয়া। কারণ প্রয়োজনীয় সংখ্যক আইএসও ট্যাংক বর্তমানে সহজলভ্য নয়।

তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় সরকারের হাতে থাকা সম্ভাব্য সব বিকল্প নিয়েই কাজ করা হচ্ছে।

জনগণকে সরকারের পক্ষ থেকে কোনো বার্তা দেওয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সরকার মানুষের দুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার দাবি, সংকট মোকাবিলায় সরকারের প্রচেষ্টায় কোনো ধরনের ঘাটতি রাখা হচ্ছে না।

দেশীয় পর্যায়ে বিদ্যুৎ উৎপাদন দ্রুত বাড়ানো সম্ভব নয় বলেও জানান তিনি। পাশাপাশি এলএনজি সরবরাহ নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের কাছেও সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

বর্তমান সংকটের জন্য অতীতের নীতিগত সিদ্ধান্তগুলোকেও দায়ী করেন অনিন্দ্য ইসলাম অমিত।

তার ভাষ্য, আগের সরকারগুলো দীর্ঘমেয়াদি ও মধ্যমেয়াদি সমাধানের পরিবর্তে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার দিকে বেশি গুরুত্ব দিয়েছে। এর ফলেই দীর্ঘদিনের সমস্যাগুলো একসময় বড় সংকটে রূপ নিয়েছে।

তিনি বলেন, ভুল নীতির প্রভাব একসময় না একসময় মোকাবিলা করতেই হয়। বর্তমান সংকট আজ না হলে আগামীকাল বা অন্য কোনো সময়ে দেখা দিত।

এখন সেই পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে সরকারকে।

এসআর

সম্পর্কিত খবর