[email protected] শনিবার, ৮ আগস্ট ২০২৬
২৪ শ্রাবণ ১৪৩৩

শেখ হাসিনার বক্তব্যে ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ আগষ্ট ২০২৬ ৯:৩৩ পিএম

সংগৃহীত ফাইল

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় ভারত সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সালাহউদ্দিন আহমদ  মানবতাবিরোধী অপরাধ মামলায় দণ্ডপ্রাপ্ত একজন ব্যক্তিকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া দুই দেশের সম্পর্কের দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দিয়েছে।


গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনা বর্তমানে ভারতের আশ্রয়ে রয়েছেন। তবে সেখানে অবস্থান করে তিনি বাংলাদেশকে কেন্দ্র করে রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন এবং প্রকাশ্যে বক্তব্য দেওয়ার সুযোগ পাচ্ছেন, যা নিয়ে সরকারের উদ্বেগ রয়েছে।


তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার বিষয়টি নিয়ে আগে থেকেই ভারতকে উদ্বেগের কথা জানিয়েছিল। এরপরও জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর দিনে শেখ হাসিনার সংবাদ সম্মেলনে অংশ নেওয়া এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, যা সরকারের দৃষ্টিতে প্রশ্নবিদ্ধ।


মঙ্গলবার (৫ আগস্ট) নয়াদিল্লিতে দক্ষিণ এশিয়া ফরেন করেসপন্ডেন্টস ক্লাবের আয়োজিত এক সংবাদ সম্মেলনে অডিও কলের মাধ্যমে যুক্ত হয়ে শেখ হাসিনা বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন এবং সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। ওই বক্তব্যের পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া জানানো হয়।


আওয়ামী লীগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দলটির বিরুদ্ধে তদন্ত চলছে। তার দাবি, এখন পর্যন্ত দলটির পক্ষ থেকে কোনো অনুশোচনা বা ক্ষমা প্রার্থনার উদ্যোগ দেখা যায়নি।


আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার প্রশ্নে তিনি বলেন, বিএনপি নির্বাহী আদেশের মাধ্যমে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নয়। এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত হবে এবং সরকার সেই সিদ্ধান্ত অনুযায়ী পদক্ষেপ নেবে।


সালাহউদ্দিন আহমদের ভাষ্য, আওয়ামী লীগের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিরোধী মত দমন, গুম, খুন ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। এসব কারণে জনগণের আস্থা দলটির ওপর থেকে অনেকটাই সরে গেছে বলেও তিনি মন্তব্য করেন।

এসআর

সম্পর্কিত খবর