[email protected] বুধবার, ১৫ জুলাই ২০২৬
৩০ আষাঢ় ১৪৩৩

বন্যা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা কয়েকদিন স্থগিতের আহ্বান রিজভীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ জুলাই ২০২৬ ১১:০৩ পিএম

সংগৃহীত ছবি

বন্যাকবলিত এলাকার শিক্ষার্থীদের দুর্ভোগ বিবেচনায় নিয়ে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা কয়েকদিনের জন্য স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

 

রিজভী বলেন, দেশের বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যার কারণে বহু মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এসব এলাকার শিক্ষার্থীদের অনেকেই চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। এমন পরিস্থিতিতে তাদের জন্য পরীক্ষার প্রস্তুতি নেওয়া এবং নির্ধারিত সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো কঠিন হয়ে পড়তে পারে। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে পরীক্ষা কিছুদিন পিছিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করা উচিত।

 

তিনি আরও বলেন, বর্তমান সংকটময় সময়ে কোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড বা অপ্রয়োজনীয় হস্তক্ষেপ কাম্য নয়। সবার উচিত দুর্গত মানুষের পাশে দাঁড়ানো এবং পরিস্থিতি মোকাবিলায় সহযোগিতা করা।

 

সরকারের ভূমিকা প্রসঙ্গে রিজভী বলেন, প্রধানমন্ত্রী ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা বন্যা পরিস্থিতির ওপর নজর রাখছেন বলে তিনি আশা করছেন। একই সঙ্গে স্থানীয় প্রশাসনও নির্দেশনা অনুযায়ী ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।

 

তিনি জোর দিয়ে বলেন, এই দুর্যোগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—কোনো মানুষ যেন খাদ্যসংকটে না পড়ে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত প্রয়োজনীয় সহায়তা পায়।

এসআর

সম্পর্কিত খবর