বন্যা, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল পৌনে ৬টার দিকে শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড অতিক্রম করে সংসদ ভবনের সামনে জড়ো হন। সেখানে তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।
এর আগে বিকেল ৫টার দিকে সায়েন্সল্যাব এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সিটি কলেজের পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন কয়েকটি দাবি তুলে ধরেন। তিনি বলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ, তার বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা, ১৩ জুলাই অনুষ্ঠিত পরীক্ষা পুনরায় গ্রহণ এবং পরবর্তী পরীক্ষাগুলো স্থগিত রেখে নতুন সময়সূচি প্রকাশ করতে হবে। একই সঙ্গে প্রশ্নপত্র শিক্ষার্থীবান্ধব করার দাবিও জানান তারা।
দিনের শুরুতে বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা প্রথম দফায় সড়ক অবরোধ করে প্রায় ৪৫ মিনিট অবস্থান কর্মসূচি পালন করেন। পরে মিছিল নিয়ে ঢাকা কলেজ, নিউমার্কেট ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে যান। এরপর পুলিশের তত্ত্বাবধানে ঢাকা শিক্ষা বোর্ডের সামনেও সংক্ষিপ্ত সময় অবস্থান করেন।
পরে আবার সায়েন্সল্যাব মোড়ে ফিরে দ্বিতীয় দফায় সড়ক অবরোধ করলে সায়েন্সল্যাব, নিউমার্কেট, এলিফ্যান্ট রোড ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে আন্দোলনকারীরা জরুরি সেবার অ্যাম্বুলেন্স চলাচলে কোনো বাধা দেননি।
এসআর