শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে প্রায় দেড় ঘণ্টা মহাসড়কের নগরজালফৈ এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এতে উত্তরবঙ্গমুখী লেনে দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে সাধারণ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।
সকালে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। শহরের বিভিন্ন সড়ক ঘুরে নিরালা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের পর তারা মহাসড়কে অবস্থান নেন। আন্দোলনে কুমুদিনী সরকারি মহিলা কলেজ, মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
বিক্ষোভকারীরা বলেন, বন্যা ও টানা বৃষ্টির কারণে দেশের অনেক এলাকায় পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারেননি। এমন পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত না করে অনুষ্ঠিত হওয়ায় অনেক শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে তারা দাবি করেন। একই সঙ্গে পরীক্ষা বাতিল করে পুনরায় আয়োজন এবং এ বিষয়ে জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান তারা।
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাহীন মিয়াও সেখানে উপস্থিত হয়ে সড়ক অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সড়ক অবরোধে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ে। দাবিগুলো লিখিতভাবে জেলা প্রশাসকের কাছে উপস্থাপন করলে তা যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
ইউএনওর আশ্বাসের পর শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন। পরে তাদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে দাবি-সংবলিত স্মারকলিপি জমা দেয়।
এসআর