[email protected] রবিবার, ১২ জুলাই ২০২৬
২৮ আষাঢ় ১৪৩৩

টানা বর্ষণে নদীর পানি বৃদ্ধি, কয়েক জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ জুলাই ২০২৬ ৯:২৮ পিএম

সংগৃহীত ছবি

দেশের বিভিন্ন এলাকায় অব্যাহত ভারী ও অতিভারী বৃষ্টিপাতের কারণে একাধিক নদীর পানি দ্রুত বাড়ছে।

এ পরিস্থিতিতে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কয়েকটি নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।


রোববার প্রকাশিত কেন্দ্রটির সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়, বর্তমানে সাঙ্গু নদীর বান্দরবান ও দোহাজারী পয়েন্ট, কুশিয়ারা নদীর মারকুলি ও ফেঞ্চুগঞ্জ পয়েন্ট এবং সোমেশ্বরী নদীর কলমাকান্দা পয়েন্টে পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে।


পূর্বাভাস অনুযায়ী, আগামী একদিন চট্টগ্রাম বিভাগ ও ভারতের ত্রিপুরা অঞ্চলে এবং পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় সিলেট, রংপুর, ময়মনসিংহ বিভাগ ও উজানের এলাকাগুলোতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। তবে বর্তমানে বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় কোনো লঘুচাপের অস্তিত্ব নেই।


কেন্দ্রটির তথ্যমতে, কুশিয়ারা ও সুরমা নদীর পানি আরও বৃদ্ধি পেলে সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে। পাশাপাশি সুরমা নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে সাময়িক বন্যার আশঙ্কাও রয়েছে।


এ ছাড়া তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পাওয়ায় রংপুর বিভাগের কয়েকটি এলাকা এবং সোমেশ্বরী ও ভুগাই-কংস নদীর পানি বাড়ায় শেরপুর, নেত্রকোণা ও ময়মনসিংহের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি প্লাবনের সম্ভাবনা রয়েছে।


একই সময়ে ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার মুহুরি, ফেনী, সেলোনিয়া এবং হালদা নদীর পানি কয়েকটি স্থানে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে লক্ষ্মীপুর ও নোয়াখালীর নদীতীরবর্তী নিচু এলাকাও সাময়িকভাবে প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে।


তবে ইতিবাচক দিক হলো, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি ধীরে ধীরে কমতে শুরু করায় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজারের বন্যা পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

এসআর

সম্পর্কিত খবর