দেশের বিভিন্ন অঞ্চলে টানা বর্ষণের ফলে সৃষ্ট বন্যা, পাহাড়ধস ও জলাবদ্ধতার প্রেক্ষাপটে ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তর ও মাঠ প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১২ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় দেশের আট বিভাগের বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জনসহ বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তারা অংশ নেন।
সভায় বিভিন্ন জেলার কর্মকর্তারা নিজ নিজ এলাকার বন্যা ও জলাবদ্ধতার পরিস্থিতি, ক্ষয়ক্ষতির পরিমাণ, আশ্রয়কেন্দ্রের কার্যক্রম, উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ এবং চিকিৎসাসেবার সর্বশেষ অগ্রগতি তুলে ধরেন।
প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগকালে মানুষের জীবন ও সম্পদ রক্ষা প্রশাসনের প্রধান দায়িত্ব। তিনি দ্রুত ক্ষতিগ্রস্তদের কাছে ত্রাণ, শুকনো খাবার, নিরাপদ পানীয় জল, শিশু খাদ্য, প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন।
তিনি আশ্রয়কেন্দ্রে পর্যাপ্ত স্যানিটেশন, বিদ্যুৎ, নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থা সচল রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নারী, শিশু, প্রবীণ, প্রতিবন্ধী ব্যক্তি এবং গর্ভবতী নারীদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেন।
দুর্যোগের সুযোগে যাতে চুরি, ডাকাতি, মজুতদারি, ত্রাণ আত্মসাৎ বা অন্য কোনো অপরাধ সংঘটিত না হয়, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশও দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে ত্রাণ বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি।
সভায় উদ্ধার কার্যক্রমে বিভিন্ন সংস্থার সমন্বয়, স্থানীয় প্রশাসনের প্রস্তুতি, নদ-নদীর পানির উচ্চতা এবং আবহাওয়ার পূর্বাভাস নিয়মিত পর্যবেক্ষণের বিষয়েও আলোচনা হয়।
সভায় চট্টগ্রামের কর্মকর্তারা জানান, সেখানে জলাবদ্ধতার পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে সিলেট অঞ্চলে মনু নদের বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্যা পরিস্থিতি আরও জটিল হতে পারে। অন্যদিকে রংপুর বিভাগেও নতুন করে জলাবদ্ধতার আশঙ্কার কথা জানানো হয়।
এসব তথ্য পর্যালোচনা করে প্রধানমন্ত্রী সম্ভাব্য সব ধরনের দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম প্রস্তুত রাখা এবং জনগণের পাশে থেকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
এসআর