ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসি) দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান কাজী ফজলুল হক মহিলা হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সময় কাটান।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, তারা যেন নিজেদের যোগ্যতা ও পরিশ্রমের মাধ্যমে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হতে পারেন—এটাই তার প্রত্যাশা।
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে হোস্টেলের সামনে আগে থেকেই অপেক্ষায় ছিলেন শিক্ষার্থীরা। প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমানকে কাছে পেয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন।
আড্ডার এক পর্যায়ে ব্যক্তিগত স্মৃতির কথা তুলে ধরে তারেক রহমান বলেন, অতীতে জুবাইদা রহমানকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসার সময় তিনি সবসময় গাড়ির সামনের আসনে নিজের পাশে বসাতেন। সেদিনও একইভাবে তাকে পাশে বসিয়েই অনুষ্ঠানে এসেছেন বলে উপস্থিতদের জানান তিনি।
ডা. জুবাইদা রহমান তার ছাত্রজীবনের স্মৃতিচারণ করে বলেন, ঢাকা মেডিকেল কলেজে কাটানো সময় তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। ক্যাম্পাসে ফিরে এসে সেই দিনগুলোর অনেক স্মৃতি আবারও মনে পড়েছে।
বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, জীবনের নানা চ্যালেঞ্জকে ইতিবাচকভাবে মোকাবিলা করে সামনে এগিয়ে যেতে হবে। অতীতের নেতিবাচক অভিজ্ঞতা আঁকড়ে না ধরে ভবিষ্যৎ গড়ার দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, চিকিৎসা শিক্ষা ও সেবার ক্ষেত্রে ঢাকা মেডিকেল কলেজকে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে পরিণত করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে, যাতে দেশের মানুষ যেমন উপকৃত হয়, তেমনি বিশ্বেও প্রতিষ্ঠানটির সুনাম ছড়িয়ে পড়ে।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান শিক্ষার্থীদের সঙ্গে ছবি তোলেন এবং কিছু সময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাদের সঙ্গে কাটান।
এসআর