দেশের ১৪টি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা
ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এসব এলাকায় অস্থায়ীভাবে ভারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। শুক্রবার (১০ জুলাই) সকাল ৫টা থেকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
এই বৈরী আবহাওয়ার কারণে নদী অববাহিকায় চলাচলকারী নৌযানগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। আবহাওয়ার পরিস্থিতি বিবেচনা করে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে (তবে কিছু ক্ষেত্রে ৩ নম্বর সতর্ক সংকেতও বজায় রাখতে বলা হয়েছে)।
এসআর