মেয়েদের উচ্চশিক্ষায় অংশগ্রহণ বাড়াতে স্নাতক (অনার্স) পর্যায় পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার সুযোগ চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
একই সঙ্গে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ বিতরণের উদ্যোগের কথাও তুলে ধরেছেন তিনি।
বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সংসদ সদস্যদের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব পরিকল্পনার কথা জানান।
নারী শিক্ষা নিয়ে সরকারের পরিকল্পনা ব্যাখ্যা করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, নারীদের শিক্ষা ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিকে সরকার সমান গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যেই আগে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে। পাশাপাশি পূর্বে এইচএসসি পর্যন্ত বিনা বেতনে শিক্ষার যে ব্যবস্থা ছিল, সেটিকে আরও সম্প্রসারণ করে অনার্স পর্যন্ত নিয়ে যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি জানান, অনার্স পর্যায়ে যেসব শিক্ষার্থী ভালো ফলাফল করবে, তাদের মেধার স্বীকৃতি হিসেবে বৃত্তি দেওয়ার বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে।
প্রাথমিক শিক্ষার্থীদের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের পর্যায়ক্রমে স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ দেওয়া হবে। দেশের প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত প্রায় এক কোটি ২০ লাখ শিক্ষার্থীকে এই কর্মসূচির আওতায় আনার লক্ষ্য রয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, ধাপে ধাপে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে এ সুবিধা পৌঁছে দেওয়া সম্ভব হবে।
এসআর