[email protected] বুধবার, ৮ জুলাই ২০২৬
২৪ আষাঢ় ১৪৩৩

জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্থানীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি ইসির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ জুলাই ২০২৬ ৩:৪৮ পিএম

সংগৃহীত ছবি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন আরও সুশৃঙ্খল ও কার্যকরভাবে আয়োজনের লক্ষ্যে জাতীয় নির্বাচনে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগানোর পরিকল্পনার কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

কমিশনের মতে, ভোট পরিচালনার বিভিন্ন দিক পর্যালোচনা করে স্থানীয় নির্বাচন ব্যবস্থাপনায় প্রয়োজনীয় উন্নয়ন আনা হবে।

বুধবার (৮ জুলাই) রাজধানীর একটি হোটেলে নির্বাচন পর্যবেক্ষণ, নির্বাচন সংস্কার ও নির্বাচন ব্যবস্থা নিয়ে আয়োজিত অংশীজনদের সংলাপে এসব কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি বলেন, জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের ধরন এবং আইনি কাঠামো ভিন্ন হলেও জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা স্থানীয় নির্বাচন পরিচালনায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভোটকেন্দ্র নির্ধারণ, কেন্দ্র ব্যবস্থাপনা এবং নির্বাচন পরিচালনার বিভিন্ন সাংগঠনিক বিষয় আরও উন্নত করতে এসব অভিজ্ঞতা কাজে লাগানো হবে।

নির্বাচন কমিশনার জানান, স্থানীয় সরকার নির্বাচন-সংক্রান্ত বিধিমালা ও প্রয়োজনীয় নীতিমালা হালনাগাদের কাজ চলছে।

একই সঙ্গে নির্বাচন কমিশনের নিজস্ব মূল্যায়ন এবং নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলোর সুপারিশ পর্যালোচনা করে ভবিষ্যৎ নির্বাচনকে আরও গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, পর্যবেক্ষক সংস্থাগুলোর মতামত ও সুপারিশ কমিশন গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

বাস্তবসম্মত সুপারিশগুলো বাস্তবায়ন করা গেলে নির্বাচন ব্যবস্থার মান আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সানাউল্লাহ জানান, সর্বশেষ জাতীয় নির্বাচন-পরবর্তী মূল্যায়ন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

সেই মূল্যায়নের আলোকে প্রয়োজনীয় সংস্কার এবং আইনগত প্রস্তুতির কাজ এগিয়ে নেওয়া হচ্ছে, যাতে ভবিষ্যতের স্থানীয় সরকার নির্বাচন আরও সুষ্ঠু ও কার্যকরভাবে আয়োজন করা সম্ভব হয়।

এসআর

সম্পর্কিত খবর