প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন।
এ সময় তিনি মাঠপর্যায়ের প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখেন এবং সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল প্রায় ৯টা ২০ মিনিটে তিনি মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ৯ পদাতিক ডিভিশনের অধীন ৮ বীর-এর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় পৌঁছান। সেখানে তিনি প্রশিক্ষণ এলাকার বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকে চলমান মহড়া ও সামরিক প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত অবহিত হন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী একটি অপারেশনাল ব্রিফিং শোনেন এবং সেনাসদস্যদের পরিচালিত রেইড মহড়া প্রত্যক্ষ করেন। পাশাপাশি যুদ্ধক্ষেত্রে অবস্থান গ্রহণ, কৌশলগত প্রস্তুতি, সমরাস্ত্রের ব্যবহার ও বাস্তবধর্মী প্রশিক্ষণের বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন। তিনি বাংকারে গিয়ে মহড়ায় অংশ নেওয়া কর্মকর্তা ও সেনাসদস্যদের সঙ্গে কথা বলেন এবং ছদ্মবেশে দায়িত্ব পালনরত সদস্যদের সঙ্গেও কুশল বিনিময় করেন।
একপর্যায়ে প্রধানমন্ত্রী সেনাসদস্যদের জন্য প্রস্তুত করা খাবার গ্রহণ করেন এবং তাদের সঙ্গে চা পান করেন। এ সময় তিনি মাঠপর্যায়ের সদস্যদের দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের প্রশংসা করেন।
পরে সেনাসদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তারেক রহমান বলেন, দেশের মানুষের আস্থা ও প্রত্যাশা পূরণে সেনাবাহিনীকে সব সময় পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখতে হবে। জাতীয় স্বার্থ রক্ষায় সেনাবাহিনীর ভূমিকারও তিনি প্রশংসা করেন এবং বাহিনীর ধারাবাহিক সাফল্য কামনা করেন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিকসহ বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসআর