দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর পাঠাগারে তিনটি নির্দিষ্ট বই সংরক্ষণের পূর্বের নির্দেশনা বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
সোমবার (৬ জুলাই) মন্ত্রণালয়ের উপসচিব রওশন আরা পলির স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়েছে, গত ৩ জুন জারি করা নির্দেশনা অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’—এই তিনটি বইয়ের একটি করে সেট সংরক্ষণের যে নির্দেশ দেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে।
এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে (ডিপিই) চিঠি দিয়ে প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠাগারে উল্লিখিত তিনটি বইয়ের অন্তত একটি সেট রাখার ব্যবস্থা নিতে বলেছিল।
বইগুলোর মধ্যে ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’ এবং ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ গ্রন্থ দুটি লেখেন মাহফুজ উল্লাহ। অপর বই ‘সবার আগে বাংলাদেশ’-এর লেখক তারেক রহমান। তিনটি বইই জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত।
নির্দেশনাটি জারির পর বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হলে বিষয়টি পুনর্বিবেচনা করে আগের আদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
এসআর