[email protected] রবিবার, ৫ জুলাই ২০২৬
২১ আষাঢ় ১৪৩৩

অ্যাটর্নি জেনারেলকে হুমকির অভিযোগ, চার ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে শোকজ

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৫ জুলাই ২০২৬ ৯:১১ পিএম

সংগৃহীত ছবি

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে অসদাচরণ এবং তাকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে চার ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে (ডিএজি) কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

অভিযোগে তাদের বিরুদ্ধে সরকারি দায়িত্ব পালনে বিঘ্ন সৃষ্টি ও শৃঙ্খলাভঙ্গের বিষয়ও উল্লেখ করা হয়েছে।

রোববার (৫ জুলাই) অ্যাটর্নি জেনারেলের নির্দেশে প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন পৃথকভাবে এ শোকজ নোটিশ জারি করেন।

নোটিশপ্রাপ্ত চার ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন—মো. জহিরুল ইসলাম সুমন, মো. রফিকুল ইসলাম মন্টু, মুহাম্মদ মাসুদ রানা এবং মো. আশিকুজ্জামান নজরুল।

নোটিশে বলা হয়, রোববার দুপুরে অ্যাটর্নি জেনারেল তার কার্যালয়ে দায়িত্ব পালনকালে ওই চার আইন কর্মকর্তা সেখানে উপস্থিত হয়ে বিচারপ্রার্থী ও অন্যান্য আইন কর্মকর্তাদের সামনেই অসৌজন্যমূলক আচরণ করেন।

একপর্যায়ে তারা অ্যাটর্নি জেনারেলকে ভয়ভীতি প্রদর্শন এবং অনাকাঙ্ক্ষিত ঘটনার হুমকি দেন বলেও অভিযোগ করা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, পুরো ঘটনার ভিডিও কার্যালয়ের সিসিটিভি ক্যামেরায় ধারণ করা হয়েছে এবং তা সংরক্ষিত রয়েছে।

অভিযোগগুলোকে গুরুতর অসদাচরণ ও সরকারি কাজে বাধা সৃষ্টির শামিল উল্লেখ করে নোটিশে জানতে চাওয়া হয়েছে, কেন তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না।

নোটিশ পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর