সরকারি অনুষ্ঠানকে কেন্দ্র করে তৈরি হওয়া ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে আর প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা যাবে না।
এ বিষয়ে রোববার (৫ জুলাই) একটি পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
পরিপত্রে বলা হয়েছে, সরকারি অনুষ্ঠানের প্রচারণায় ব্যবহৃত কোনো ব্যানার, ফেস্টুন বা বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি থ্রিডি কিংবা অন্য যেকোনো আঙ্গিকে ব্যবহার নিষিদ্ধ। মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে জারি করা এ নির্দেশনায় উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষর করেছেন। নির্দেশনাটি জারির সঙ্গে সঙ্গে কার্যকর হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়, সরকারি অনুষ্ঠানের প্রচারণামূলক উপকরণ তৈরির সময় অনুষ্ঠানের মূল বিষয় ও উদ্দেশ্যকে প্রাধান্য দিতে হবে। ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রয়োজনীয় তথ্য এমনভাবে উপস্থাপন করতে হবে, যাতে অনুষ্ঠানের বার্তা ও লক্ষ্য স্পষ্টভাবে প্রকাশ পায়। একই সঙ্গে নকশাও হতে হবে বিষয়বস্তুর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
মন্ত্রিপরিষদ বিভাগ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা এবং মাঠ প্রশাসনকে নির্দেশনাটি যথাযথভাবে অনুসরণ ও বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।
এসআর