[email protected] সোমবার, ২৯ জুন ২০২৬
১৫ আষাঢ় ১৪৩৩

তিস্তা বাস্তবায়নে সরকারের অটল অবস্থান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জুন ২০২৬ ৩:৪৩ পিএম

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় অগ্রাধিকারের প্রকল্প হিসেবে তিস্তা ব্যারাজ মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ এবং এটি বাস্তবায়নে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।

একই সঙ্গে তিনি কৃষি ও কৃষকের উন্নয়নকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন।
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।


তিনি বলেন, প্রস্তাবিত বাজেটটি বাস্তবমুখী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কথা বিবেচনায় রেখে প্রণয়ন করা হয়েছে। সরকারের লক্ষ্য অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফিরিয়ে আনা।

তিনি জানান, গত তিন মাসে প্রায় ৯০০ কিলোমিটার খাল খনন ও পুনঃখননের কাজ সম্পন্ন হয়েছে এবং আগামী পাঁচ বছরে সারা দেশে আরও ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে।


অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশের বিদ্যমান চ্যালেঞ্জ সম্পর্কে সচেতন। তবে এসব সংকটকে অজুহাত না বানিয়ে কার্যকর নীতি ও রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা চলছে।


তিনি দাবি করেন, আগের সরকারের সময় অপরিকল্পিত ও উচ্চ ব্যয়ের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য নেওয়া বৈদেশিক ঋণের চাপ এখন দেশের অর্থনীতির ওপর বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। অনেক প্রকল্প থেকে প্রত্যাশিত অর্থনৈতিক সুফল না আসায় এখন ঋণের কিস্তি পরিশোধে অতিরিক্ত ব্যয় করতে হচ্ছে।


প্রধানমন্ত্রী আরও বলেন, অতীতে দুর্নীতি, অর্থপাচার, পুঁজিবাজারে অনিয়ম এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাসের মতো নানা কারণে অর্থনীতি দুর্বল হয়ে পড়েছিল। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার জনগণকে সঙ্গে নিয়ে কাজ করছে এবং দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অর্থনৈতিক পুনরুদ্ধারের উদ্যোগ বাস্তবায়ন করছে।


তিনি বলেন, সরকারের লক্ষ্য কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন নয়; বরং সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, তরুণদের কর্মসংস্থান বৃদ্ধি এবং কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করেই টেকসই উন্নয়ন অর্জন করা।

এসআর

সম্পর্কিত খবর