দেশের বিশিষ্ট চিত্রশিল্পী, পাপেট কিং খ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও একুশে পদকপ্রাপ্ত মুস্তাফা
মনোয়ার আর নেই। দীর্ঘদিন নিউমোনিয়াজনিত স্বাস্থ্য জটিলতায় ভুগে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। গত ১৪ জুন ফুসফুসে মারাত্মক ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন।
পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে নেওয়া হয়। মাঝে সাময়িকভাবে ভেন্টিলেটর খুলে নেওয়া হলেও পুনরায় অবস্থার অবনতি ঘটায় তাকে আবার ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত এই গুণী ব্যক্তিত্বকে বাঁচানো সম্ভব হয়নি।
১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর মাগুরা জেলার নাকোল গ্রামে জন্মগ্রহণ করা মুস্তাফা মনোয়ার ছিলেন প্রখ্যাত কবি গোলাম মোস্তফার সন্তান এবং তার পৈতৃক নিবাস ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মনোহরপুর গ্রামে। দীর্ঘ কর্মজীবনে চিত্রকলা, পুতুলনাট্য (পাপেট), টেলিভিশন অনুষ্ঠান নির্মাণসহ দেশের সাংস্কৃতিক অঙ্গনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও অসামান্য অবদান রেখেছেন তিনি।
শিল্প ও সংস্কৃতিতে অনন্য সাধারণ ভূমিকার জন্য ২০০৪ সালে বাংলাদেশ সরকার তাকে একুশে পদকে ভূষিত করে। তার এই প্রয়াণে দেশের শিল্প ও সাংস্কৃতিক পরিমণ্ডলে গভীর শোকের ছায়া নেমে এসেছে এবং সহকর্মী ও অনুরাগীরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছেন।
এসআর