[email protected] সোমবার, ২৪ আগস্ট ২০২৬
৯ ভাদ্র ১৪৩৩

আজ দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জুন ২০২৬ ৮:২৮ এএম

সংগৃহীত ছবি

দেশের মাধ্যমিক পর্যায়ের ২৯ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৯ জুন) রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে ভার্চুয়ালি এই কর্মসূচির সূচনা করা হবে।

 

শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারের পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে এবং ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ উদ্যোগকে এগিয়ে নিতে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী আগামী পাঁচ বছরে দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসাগুলোতে মোট ৫ কোটি গাছের চারা রোপণ করা হবে।

 

এবারের কর্মসূচিতে দেশের ২৯ হাজার ৬২১টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেবে। এর মধ্যে রয়েছে ১৮ হাজার ৯০৭টি বিদ্যালয়, ১ হাজার ৪৪৬টি স্কুল অ্যান্ড কলেজ এবং ৯ হাজার ২৬৮টি মাদ্রাসা। বিশেষ কারণে নির্ধারিত সময় পরিবর্তন করে উদ্বোধনী অনুষ্ঠান দুপুর ২টায় আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রতিটি প্রতিষ্ঠানে একটি ফলদ, একটি বনজ এবং একটি ঔষধি গাছ রোপণ করা হবে। পাশাপাশি জলবায়ু সচেতনতা কার্যক্রম পরিচালনার জন্য প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে বিশেষ অনুদান দেওয়া হচ্ছে।

 

উদ্বোধনী অনুষ্ঠান দেশের সব অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানে বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হবে। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময়ের সুযোগও রাখা হয়েছে।

 

কর্মসূচিকে ঘিরে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে জলবায়ু সচেতনতা বিষয়ক ব্যানার ও ফেস্টুন প্রদর্শনের পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে র‌্যালির আয়োজনের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

 

এদিন একই ভেন্যুতে আয়োজিত ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠানে অংশ নিয়ে তরুণ উদ্ভাবকদের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সেরা উদ্ভাবকদের হাতে পুরস্কারও তুলে দেবেন তিনি।

 

অনুষ্ঠান উপলক্ষে রোববার শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন এবং শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সম্মেলন কেন্দ্রের প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেন।

এসআর

সম্পর্কিত খবর