[email protected] মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩

তারেক রহমান মুজিববাদের পথ ধরে মোদির কাছে নজরানা দিচ্ছেন- পাটোয়ারী

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৬ জুন ২০২৬ ২:৩৯ এএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ-ভারত সীমান্তে অবৈধ অনুপ্রবেশ (পুশইন) ও সীমান্তে হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত এক সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সরকার ও বিএনপির বিরুদ্ধে কঠোর বক্তব্য দিয়েছেন।

সোমবার (১৫ জুন) ১১ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে তিনি বলেন, দেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় স্বাধীন ও আত্মমর্যাদাশীল পররাষ্ট্রনীতি প্রয়োজন।

সমাবেশে বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, স্বাধীনতার পর দীর্ঘ সময় দেশের ওপর ‘মুজিববাদী বয়ান’ চাপিয়ে দেওয়া হয়েছে।

২০২৪ সালের আন্দোলনের রক্তের মধ্য দিয়ে সেই ধারা থেকে বেরিয়ে স্বাধীন পররাষ্ট্রনীতি, ইসলাম ও সার্বভৌমত্বের স্বপ্ন দেখা হয়েছে বলে তিনি মন্তব্য করেন। যার বাপ বলেছিলেন ‘উই রিভল্ট’, তারই সন্তান তারেক রহমান মুজিববাদের পথ ধরে মোদির কাছে আবার নজরানা দেওয়ার চেষ্টা করছেন।

তার দাবি, দীর্ঘদিন ধরে দেশের রাজনীতিতে একটি নির্দিষ্ট মতাদর্শিক ধারা প্রভাব বিস্তার করেছে, যার বাইরে গিয়ে নতুন রাজনৈতিক চিন্তার প্রয়োজন রয়েছে।

বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে পাটওয়ারী অভিযোগ করেন, ভারতের সঙ্গে সম্পর্কের প্রশ্নে বিএনপি এমন অবস্থান নিচ্ছে যা তাদের ঘোষিত রাজনৈতিক অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি বলেন, জনগণ কোনো ধরনের আপসকামী রাজনীতি মেনে নেবে না।

সীমান্ত পরিস্থিতি নিয়ে সরকারের ভূমিকাও প্রশ্নবিদ্ধ করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, সীমান্ত হত্যা, অবৈধ অনুপ্রবেশ এবং নাগরিক নিরাপত্তার মতো বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে সরকার ব্যর্থ হলে সংশ্লিষ্ট মন্ত্রীদের দায়িত্ব নেওয়া উচিত।

পররাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের পাশাপাশি দেশের সীমান্ত পরিস্থিতির প্রতিও সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন। বাংলাদেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের প্রশ্নে আরও দৃঢ় অবস্থান গ্রহণের আহ্বান জানান তিনি।

সমাবেশে তিনি আরও বলেন, দেশের জনগণ সীমান্ত নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষার বিষয়ে কোনো ধরনের অবহেলা মেনে নেবে না এবং প্রয়োজন হলে গণআন্দোলনের মাধ্যমে জবাবদিহি নিশ্চিত করবে।

 

এসআর

সম্পর্কিত খবর