সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত নবম পে-স্কেল আগামী জুলাই থেকে কার্যকর হওয়ার পরিকল্পনা করছে সরকার।
প্রস্তাবিত ব্যবস্থায় সরকারি চাকরিজীবীদের বেসিক বেতন ধাপে ধাপে প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তবে নতুন বেতন কাঠামো কার্যকর হলে বর্তমানে দেওয়া ‘বিশেষ সুবিধা’ আর বহাল থাকবে না।
বর্তমানে ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা মূল বেতনের অতিরিক্ত ১৫ শতাংশ বিশেষ সুবিধা ভোগ করেন। অন্যদিকে ১ম থেকে ৯ম গ্রেডের কর্মকর্তারা পান ১০ শতাংশ বিশেষ সুবিধা।
অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন পে-স্কেল বাস্তবায়নের পর নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন প্রায় ৩৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
একই সঙ্গে উচ্চ গ্রেডের কর্মকর্তাদের বেতনও প্রায় ৪০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। এ কারণে বিদ্যমান বিশেষ সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারের মতে, দীর্ঘ সময় ধরে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন কোনো বেতন কাঠামো কার্যকর হয়নি।
এ সময়ে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় বেতন পুনর্নির্ধারণের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে।
২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের পর এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারি চাকরিজীবীদের আর্থিক সুবিধা বাড়ানোর বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে।
নতুন পে-স্কেল কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এসআর