[email protected] বৃহঃস্পতিবার, ১১ জুন ২০২৬
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ জুন ২০২৬ ৯:১৩ পিএম

সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের কৃতিত্ব অর্জন করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক বার্তায় এই শুভেচ্ছা জানানো হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ম্যাচে বৃষ্টি-প্রভাবিত খেলায় ৫ উইকেটের জয় তুলে নিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ।

 

এর আগে সিরিজের উদ্বোধনী ম্যাচেও স্বাগতিকরা দারুণ পারফরম্যান্স দেখিয়ে বড় ব্যবধানে জয় পেয়েছিল, যা সিরিজ জয়ের ভিত্তি তৈরি করে দেয়।

 

অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশের ক্রিকেটারদের সাফল্যের প্রশংসা করে বলেন, আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করে এমন অর্জন জাতির জন্য গর্বের বিষয়। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও বাংলাদেশ ক্রিকেট দল ধারাবাহিক সাফল্যের মাধ্যমে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।

 

তিনি আরও উল্লেখ করেন, খেলোয়াড়দের পারস্পরিক সমন্বয়, আত্মবিশ্বাস এবং পেশাদার মানসিকতা দলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই ধারা অব্যাহত থাকলে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ আরও শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

ঐতিহাসিক এই সাফল্যের জন্য জাতীয় দলের ক্রিকেটার, কোচিং স্টাফ, টিম ম্যানেজমেন্ট এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। 

এসআর

সম্পর্কিত খবর