সারা দেশে দোকানপাট, বিপণিবিতান ও শপিংমল পরিচালনার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার (১১ জুন) থেকে এসব ব্যবসাপ্রতিষ্ঠান সকাল নয়, বরং বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে।
বাংলাদেশ দোকান মালিক সমিতি এ তথ্য নিশ্চিত করেছে। সংগঠনের নেতারা জানান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পর নতুন সময়সূচি কার্যকর করার বিষয়ে তারা অবহিত হয়েছেন।
সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থাপনার বিষয়টি বিবেচনায় রেখে ব্যবসাপ্রতিষ্ঠান রাত ৯টা পর্যন্ত চালু রাখার অনুমতি দেওয়া হয়েছে। এ সিদ্ধান্তে ব্যবসায়ীরা স্বস্তি পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
এর আগে সরকারি নির্দেশনা অনুযায়ী অধিকাংশ মার্কেট ও শপিংমল সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখতে হতো। তবে ঈদুল আজহা উপলক্ষে বিশেষ ব্যবস্থায় কিছু সময়ের জন্য রাত ১০টা পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার সুযোগ দেওয়া হয়েছিল।
ঈদের ছুটি শেষে পূর্বের সময়সূচি পুনরায় কার্যকর হলেও নতুন ঘোষণার ফলে এখন থেকে ব্যবসায়ীরা অতিরিক্ত দুই ঘণ্টা সময় পাচ্ছেন। এতে ক্রেতা ও বিক্রেতা উভয়ের জন্য কেনাকাটা ও ব্যবসা পরিচালনা আরও সুবিধাজনক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এসআর