দেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) বৃদ্ধির লক্ষ্যে সরকার এক অভিনব প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। এখন থেকে বিদেশ
থেকে কোনো ব্যক্তি—তিনি বাংলাদেশি হোন কিংবা বিদেশি—বিনিয়োগ নিয়ে আসতে পারলে মোট বিনিয়োগের দেড় শতাংশ (১.৫%) কনসালটেন্সি ফি বা কমিশন পাবেন। বুধবার (১০ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জোহরাত আদিব চৌধুরীর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এই তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, পূর্বে বিদেশি বিনিয়োগকারীদের একটি বড় উদ্বেগ ছিল যে তারা এখানে বিনিয়োগ করলে লভ্যাংশ বা মুনাফার অংশ সহজে নিজেদের দেশে নিয়ে যেতে পারবেন কি না। সরকার আইনের মাধ্যমে ইতিপূর্বে এই সমস্যার স্থায়ী সমাধান করেছে। এর ধারাবাহিকতায় দেশে বিনিয়োগের প্রবাহ আরও বাড়াতে সম্প্রতি একটি উচ্চপর্যায়ের সভায় এই দেড় শতাংশ কমিশন বা ইনসেনটিভ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকার প্রধান আশা প্রকাশ করেন, এই আকর্ষণীয় প্রণোদনার ফলে বিদেশে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা দেশে বড় বিনিয়োগ নিয়ে আসতে উৎসাহিত হবেন। প্রবাসে অনেক যোগ্য ও মেধাবী বাংলাদেশি রয়েছেন, যারা বিদেশি বড় বিনিয়োগকারীদের বাংলাদেশে নিয়ে আসতে সক্ষম। এই সুনির্দিষ্ট পরিকল্পনা ও ইনসেনটিভের মাধ্যমে দেশে বৈদেশিক বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে বলে প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
এসআর