প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ টেলিফোন সংযোগের কপার তার চুরির ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট অভিযান চালিয়ে তাদের আটক করে এবং চুরি হওয়া তারের একটি অংশ উদ্ধার করে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন রঞ্জন চন্দ্র (২৫) ও রেজাকুল ইসলাম (৩২)। বৃহস্পতিবার বিকেলে সিটিটিসির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রঞ্জন চন্দ্র সচিবালয়ের একটি ভবন থেকে গত মে মাসে টেলিফোন লাইনের কপার তার সরিয়ে নেওয়ার কথা স্বীকার করেছেন। পরে তিনি সেগুলো একটি ভাঙারি দোকানে বিক্রি করেন বলে জানা যায়।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ভাঙারি ব্যবসায়ী রেজাকুল ইসলামকে আটক করা হয়। এরপর তার দেওয়া তথ্য অনুসরণ করে রাজধানীর পুরান ঢাকার একটি গুদাম থেকে চুরি হওয়া কপার তার উদ্ধার করা হয়।
এ বিষয়ে ডিএমপির এক সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ জানান, ঘটনার রহস্য উন্মোচন করা হয়েছে এবং চুরির সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে চুরি হওয়া প্রায় ৮ কেজি তামার তারও উদ্ধার করা হয়েছে।
ঘটনার সূত্রপাত হয় ১ জুন, যখন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দেখতে পান বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ টেলিফোন সংযোগ অকার্যকর হয়ে পড়েছে। পরে তদন্তে জানা যায়, ভবনগুলোর সংযোগ লাইনে ব্যবহৃত মূল্যবান কপার ক্যাবলের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন বা চুরি হয়েছে।
এর ফলে প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের বিশেষ টেলিফোন সংযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এতে সরকারি যোগাযোগ ও প্রশাসনিক কার্যক্রমে উল্লেখযোগ্য বিঘ্ন সৃষ্টি হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এসআর