[email protected] বুধবার, ১০ জুন ২০২৬
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

চানখাঁরপুলে সড়ক দুর্ঘটনা: দুই বাসের ফাঁকে পড়ে প্রাণ গেল ব্যবসায়িক প্রতিনিধির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ জুন ২০২৬ ৭:০৪ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর চানখাঁরপুল এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জয়দেব পান্ডে (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বাসে ওঠার সময় একই পরিবহনের দুটি বাসের মাঝখানে পড়ে গুরুতর আহত হলে পরে হাসপাতালে তার মৃত্যু হয়।


বুধবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জয়দেব একটি হারবাল ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ডিস্ট্রিবিউটর হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলায় হলেও তিনি ঢাকার যাত্রাবাড়ী এলাকায় বসবাস করতেন।


পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সঙ্গে জড়িত মৌমিতা পরিবহনের দুটি বাস জব্দ করা হয়েছে। পাশাপাশি একটি বাসের চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, জয়দেব একটি বাসে ওঠার চেষ্টা করছিলেন। এ সময় বাসটি চলতে শুরু করলে পাশ দিয়ে একই পরিবহনের আরেকটি বাস দ্রুতগতিতে অতিক্রম করার চেষ্টা করে। এতে তিনি দুই বাসের মাঝখানে চাপা পড়ে গুরুতর আহত হন।


পরে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।


নিহতের এক সহকর্মী জানান, কর্মস্থলের কাজ শেষ করে তিনি বাসায় ফিরছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে এসে তারা তার মৃত্যুর বিষয়টি জানতে পারেন। তার পরিবার বর্তমানে গ্রামের বাড়িতে অবস্থান করছে।


ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর