দেশের কয়েকটি অঞ্চলে রাত পর্যন্ত ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (৩ জুন) দুপুর ২টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুষ্টিয়া ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
এ কারণে সংশ্লিষ্ট এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের পরামর্শ দেওয়া হয়েছে।
অন্যদিকে আগামী বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বিদ্যুৎ চমকানো ও দমকা হাওয়াও বয়ে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি স্থানে মাঝারি মাত্রার ভারি বর্ষণ হতে পারে। তবে দেশের দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
এদিকে দেশের বিভিন্ন এলাকায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। ঢাকা, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, ময়মনসিংহ, চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, বরিশাল, পটুয়াখালী ও ভোলাসহ রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগের বিস্তীর্ণ অঞ্চলে এ তাপপ্রবাহ বিরাজ করছে এবং তা আগামী কিছু সময় অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
এসআর