[email protected] বুধবার, ১০ জুন ২০২৬
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছর মেয়াদি কর্মসূচি, জানালেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ জুন ২০২৬ ৬:০৩ পিএম

সংগৃহীত ছবি

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা তৈরি করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, ১৮০ দিনের তাৎক্ষণিক কর্মসূচি, ২০২৬-২৭ অর্থবছরের পরিকল্পনা এবং আগামী পাঁচ বছরের উন্নয়ন রূপরেখা ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে।


বুধবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য তুলে ধরেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।


প্রধানমন্ত্রী জানান, সরকারের অগ্রাধিকারভিত্তিক বিভিন্ন উদ্যোগ ইতোমধ্যে বাস্তবায়নের পর্যায়ে রয়েছে। সামাজিক সুরক্ষা জোরদারে নারীপ্রধান নিম্ন আয়ের পরিবারগুলোকে ‘ফ্যামিলি কার্ড’-এর আওতায় মাসিক আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। পরীক্ষামূলকভাবে কয়েকটি ইউনিটে ৬০ হাজারের বেশি পরিবার এই সুবিধার অন্তর্ভুক্ত হয়েছে।


কৃষকদের জন্য চালু হওয়া ‘কৃষক কার্ড’ কর্মসূচির মাধ্যমে তাদের পরিচয় সংরক্ষণ ও কৃষি উপকরণ প্রাপ্তি সহজ করা হচ্ছে। পাশাপাশি কৃষি, মৎস্য ও পশুপালন খাতে ক্ষুদ্র ঋণ মওকুফের উদ্যোগও নেওয়া হয়েছে, যার ফলে লাখো কৃষক উপকৃত হবেন।


স্বাস্থ্য খাতে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে কয়েকটি জেলায় এই ডিজিটাল স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু হবে। একই সঙ্গে দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে দায়িত্ব পালনকারী ব্যক্তিদের সম্মানী ভাতা প্রদান অব্যাহত রয়েছে।


কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে সরকারি খাতে ব্যাপক নিয়োগ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। শিক্ষা খাতে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ, শিক্ষকদের প্রযুক্তি সহায়তা প্রদান এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে ইন্টারনেট সুবিধা চালুর কার্যক্রম এগিয়ে চলছে।


ডিজিটাল অর্থনীতি সম্প্রসারণে দেশে পেপ্যাল সেবা চালুর প্রস্তুতি এবং হাই-টেক পার্কগুলোর কার্যকর ব্যবস্থাপনার জন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

পাশাপাশি শহর ও গ্রামীণ এলাকায় খেলাধুলার উপযোগী উন্মুক্ত মাঠ তৈরির পরিকল্পনাও রয়েছে।
পরিবেশ সংরক্ষণে বৃহৎ পরিসরে খাল খনন ও পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

একই সঙ্গে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়িয়ে ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদনের একটি উল্লেখযোগ্য অংশ সবুজ জ্বালানি থেকে নিশ্চিত করার পরিকল্পনাও রয়েছে।


ক্রীড়াক্ষেত্রে নতুন প্রতিভা খুঁজে বের করতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচি চালু হয়েছে। পাশাপাশি জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদদের জন্য ভাতা ও বিশেষ ক্রীড়া কার্ড প্রদানের উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।


প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহারে ঘোষিত লক্ষ্যসমূহ বাস্তবায়নে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর