[email protected] বুধবার, ১০ জুন ২০২৬
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

আদ্-দ্বীন হাসপাতালে নবজাতক মৃত্যুর ঘটনায় ব্যাখ্যায় অসন্তোষ, পরবর্তী পদক্ষেপের ইঙ্গিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ জুন ২০২৬ ৩:৩১ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া ব্যাখ্যায় সন্তুষ্ট নয় সরকার।

এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন জানিয়েছেন, হাসপাতালের জবাবে অনেক তথ্য স্পষ্টভাবে উপস্থাপন করা হয়নি।


বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় মন্ত্রী বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো কারণ দর্শানোর নোটিশের জবাব পর্যালোচনা করে সরকার সন্তুষ্ট হতে পারেনি। তিনি জানান, সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।


গত ২৭ মে ভোরে হাসপাতালটির পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন ছয় নবজাতক অল্প সময়ের ব্যবধানে মারা যায়। ঘটনাটি জনমনে ব্যাপক আলোচনার জন্ম দিলে স্বাস্থ্য অধিদপ্তর তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে।


তদন্ত প্রতিবেদনে ওয়ার্ড ব্যবস্থাপনা, পরিবেশগত সীমাবদ্ধতা এবং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও নার্সদের দায়িত্ব পালনে বিভিন্ন ধরনের ত্রুটির উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনের তথ্যমতে, সংশ্লিষ্ট ওয়ার্ডটি নবজাতকদের চিকিৎসার জন্য পর্যাপ্তভাবে উপযোগী ছিল না। সেখানে প্রয়োজনীয় আলো-বাতাস ও কার্যকর শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার ঘাটতি ছিল।


এছাড়া ঘটনার সময় দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের অনুপস্থিতি এবং নবজাতকদের অবস্থার অবনতি হওয়ার পরও দ্রুত চিকিৎসা নিশ্চিত না হওয়ার বিষয়টি প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। তদন্তে আরও বলা হয়, জন্মের পর শিশুদের শারীরিক অবস্থা স্বাভাবিক ছিল এবং বিশেষায়িত চিকিৎসা বা ইনকিউবেটরের প্রয়োজন দেখা যায়নি।


প্রতিবেদনে হাসপাতালের তদারকি ব্যবস্থার দুর্বলতা, প্রশাসনিক সীমাবদ্ধতা এবং জরুরি চিকিৎসা ব্যবস্থাপনায় ঘাটতির কথাও উল্লেখ করা হয়েছে। এসব পর্যবেক্ষণের ভিত্তিতে গত ৪ জুন হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ জারি করে স্বাস্থ্য অধিদপ্তর।

এসআর

সম্পর্কিত খবর