দেশীয় ওষুধ শিল্প আন্তর্জাতিক বাজারে ক্রমশ বিস্তৃত হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
তিনি বলেছেন, বর্তমানে বাংলাদেশের তৈরি ওষুধ বিশ্বের ১৪০টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে, যা দেশের ফার্মাসিউটিক্যাল খাতের উল্লেখযোগ্য সাফল্যের প্রতিফলন।
সোমবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ডেঙ্গু রোগীদের চিকিৎসা সহায়তায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ (বিএপিআই) কর্তৃক এক লাখ ইউনিট আইভি স্যালাইন হস্তান্তর উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা আরও বাড়ানো গেলে ওষুধ রপ্তানির নতুন বাজার সৃষ্টি হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে।
তিনি উল্লেখ করেন, অতীতে স্বাস্থ্যসেবা খাতে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও ভ্যাকসিন উৎপাদনে প্রত্যাশিত অগ্রগতি হয়নি। এমনকি জরুরি চিকিৎসা উপকরণ যেমন ভেন্টিলেটর ও সিরিঞ্জের ক্ষেত্রেও ঘাটতি ছিল। তবে পরবর্তীতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগে বিভিন্ন স্বাস্থ্য সংকট মোকাবিলা করা সম্ভব হয়েছে।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে মন্ত্রী জানান, রোগীদের চিকিৎসা সেবা নির্বিঘ্ন রাখতে বিএপিআই এক লাখ আইভি স্যালাইন অনুদান দিয়েছে। বর্তমানে কেন্দ্রীয় গুদামে এক লাখ ইউনিট স্যালাইন সংরক্ষিত রয়েছে। পাশাপাশি উপজেলা পর্যায়েও ২০ থেকে ২৫ হাজার ইউনিট স্যালাইন মজুত আছে। প্রয়োজন হলে অতিরিক্ত সরবরাহের ব্যবস্থাও নেওয়া হবে।
আদ-দ্বীন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশের জবাব দেওয়ার জন্য আরও দুই দিন সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, ডেঙ্গুর মৌসুমকে সামনে রেখে আগাম প্রস্তুতি জোরদার করা হয়েছে। আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন প্রতিরোধমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আরও বলেন, ডেঙ্গু রোগীদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগ প্রস্তুত রয়েছে। একই সঙ্গে জনস্বাস্থ্য ব্যবস্থাকে আরও কার্যকর করতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। স্বাস্থ্যখাতের সামগ্রিক উন্নয়ন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
এসআর