[email protected] সোমবার, ৮ জুন ২০২৬
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

গত বছরের তুলনায় অপরাধ কমেছে, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ জুন ২০২৬ ৪:০১ পিএম

সংগৃহীত ছবি

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের বছরের তুলনায় উন্নত হয়েছে এবং অপরাধের হারও কমেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, সুশাসন প্রতিষ্ঠায় সরকার যেমন অপরাধীদের বিরুদ্ধে কঠোর, তেমনি ভালো কাজেরও যথাযথ মূল্যায়ন করে।

 

সোমবার (৮ জুন) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

 

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২০২৫ সালের তুলনায় বর্তমানে দেশে অপরাধের ঘটনা হ্রাস পেয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম সম্পর্কে জনগণই চূড়ান্ত মূল্যায়ন করবে। তবে দায়িত্বশীলভাবে কাজ করার জন্য বাহিনীর সদস্যদের নৈতিক সমর্থন ও উৎসাহ দেওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন।

 

তিনি বলেন, সম্প্রতি কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনায় পেশাদারিত্ব ও দক্ষতার পরিচয় দেওয়ায় ১৫ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছে সরকার। এর মধ্যে রয়েছে আলোচিত রামিসা হত্যা মামলার তদন্তে দ্রুত অগ্রগতি, দৌলতদিয়া ঘাটে একটি দুর্ঘটনা থেকে বহু যাত্রীর জীবন রক্ষা এবং মুন্সিগঞ্জের গজারিয়ায় এক কিশোরী হত্যার রহস্য দ্রুত উদঘাটনের ঘটনা।

 

সালাহউদ্দিন আহমদের মতে, ভালো কাজের স্বীকৃতি প্রদান করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কর্মস্পৃহা বাড়ে। একই সঙ্গে দায়িত্বে অবহেলা বা অনিয়মের ক্ষেত্রেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

 

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন প্রতিবেদনে যে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে, সে প্রসঙ্গে মন্ত্রী বলেন, এসব মূল্যায়নের অনেকটাই গণমাধ্যমভিত্তিক তথ্যের ওপর নির্ভরশীল। বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিলে গত বছরের তুলনায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলেই সরকারের পর্যবেক্ষণ।

এসআর

সম্পর্কিত খবর