রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে।
রোববার (৭ জুন) রাত আনুমানিক ১১টা ৩৬ মিনিটের দিকে কয়েক সেকেন্ড স্থায়ী এ কম্পনে অনেক মানুষ আতঙ্কিত হয়ে বাসা-বাড়ি ও বহুতল ভবন থেকে বাইরে বেরিয়ে আসেন।
প্রাথমিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
ভূমিকম্প পর্যবেক্ষণকারী বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, এর উৎপত্তিস্থল ছিল ভুটানের পুনাখা অঞ্চলের নিকটবর্তী এলাকায়। বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৩ থেকে ৫ দশমিক ৬-এর মধ্যে উল্লেখ করেছে।
ভূমিকম্পটির কেন্দ্র ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে ছিল বলে জানা গেছে।
দেশের উত্তরাঞ্চলের রংপুর, গাইবান্ধা, নীলফামারী, জয়পুরহাট, বগুড়া, কুষ্টিয়া, সিরাজগঞ্জ, শেরপুর ও সৈয়দপুরসহ বিভিন্ন এলাকায়ও কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
এদিকে বাংলাদেশ ছাড়াও প্রতিবেশী ভারত, নেপাল ও চীনের কিছু অঞ্চলেও একই ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে বলে আন্তর্জাতিক সূত্রে জানা গেছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এখন পর্যন্ত উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
এসআর