[email protected] রবিবার, ৭ জুন ২০২৬
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

তীব্র লোডশেডিং: গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না বললেন রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ জুন ২০২৬ ৭:৩১ পিএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনে দেশের গ্রামাঞ্চলে তীব্র বিদ্যুৎ সংকট এবং সার কারখানায় গ্যাস সরবরাহ নিয়ে বিদ্যুৎ,

 জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহামুদের সাথে সম্পূরক প্রশ্নে আলোচনা করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। রোববার (৭ জুন) সংসদ অধিবেশনে এই প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

​সংসদ সদস্য রুমিন ফারহানা জানান, একে লোডশেডিং কিংবা মেরামত সেডিং যা-ই বলা হোক না কেন, গ্রামাঞ্চলে বর্তমানে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না— এটাই বাস্তব চিত্র। এর পাশাপাশি তিনি আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহের সুনির্দিষ্ট তারিখ জানতে চান। তিনি মন্ত্রীর আগের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, পহেলা মে’র মধ্যে আশুগঞ্জ ফার্টিলাইজারে গ্যাস সংযোগ দেওয়ার কথা থাকলেও এক মাসের বেশি সময় পার হয়ে গেলেও এখনো তা দেওয়া হয়নি।

​জবাবে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহামুদ দেশে বিদ্যমান গ্যাসের সীমাবদ্ধতার কথা স্বীকার করেন। তিনি উল্লেখ করেন, একই সাথে বিদ্যুৎ এবং সার কারখানা উভয়ের জন্য পর্যাপ্ত গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না। বর্তমানে দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলো সচল রাখাকে অগ্রাধিকার দেওয়ার কারণেই আশুগঞ্জ সার কারখানায় সংযোগ দেওয়া সম্ভব হয়নি। মন্ত্রী আরও জানান, গত ১৭ বছরে দেশে কোনো খনন কাজ (ড্রিলিং) করা হয়নি। বর্তমান সরকার এই প্রথম ড্রিলিং শুরু করেছে এবং আশা করা যাচ্ছে গ্যাস পাওয়ার পর আশুগঞ্জ সার কারখানার মতো প্রতিষ্ঠানগুলোতে পুনরায় সংযোগ দেওয়া সম্ভব হবে।

​মন্ত্রীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ মন্ত্রীকে তার পূর্ববর্তী প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিয়ে বলেন, পহেলা তারিখ থেকে গ্যাস দেওয়ার যে কথা সংসদে বলা হয়েছিল, তা বাস্তবায়ন হয়নি। ভবিষ্যতে সংসদে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে ড্রিলিং ও অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করে মন্ত্রীদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান স্পিকার।

এসআর

সম্পর্কিত খবর