সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের নিরাপত্তা, শিক্ষা ও মানবিক বিকাশ নিশ্চিত করতে সরকার নানা কর্মসূচি বাস্তবায়ন করছে।
তিনি জানান, সরকারি শিশু সদনগুলোকে আরও আধুনিক ও শিশুবান্ধব পরিবেশে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।
শুক্রবার ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত সরকারি শিশু সদন (বালক) পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের শিশুদের প্রতি আরও দায়িত্বশীল ও আন্তরিক হওয়ার আহ্বান জানান।
পরিদর্শনের সময় মন্ত্রী প্রতিষ্ঠানটির আবাসন ব্যবস্থা, খাদ্যের মান, শিক্ষা কার্যক্রম এবং চিকিৎসাসেবার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন।
পাশাপাশি সেখানে থাকা শিশুদের লেখাপড়া, খেলাধুলা ও বিনোদনের সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন।
তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং শিশুদের সার্বিক উন্নয়নে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শন শেষে মন্ত্রী কিছু সময় শিশুদের সঙ্গে কাটান। পরে তাদের মাঝে মিষ্টি ও ফল বিতরণ করেন।
এ সময় জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জোবায়েদ হোসেন শাকিল, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং শিশু সদনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এসআর