আলোচনায় থাকা অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-কে রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়েছে।
এর আগে আসন্ন ঈদুল আজহায় কোরবানির জন্য বিক্রি হওয়া এই ব্যতিক্রমধর্মী মহিষটিকে আর কোরবানি না করার সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার পর বুধবার কেরানীগঞ্জের জিনজিরা এলাকার ইসলামপুর থেকে মহিষটিকে থানায় নেওয়া হয়। পরে রাতেই সেটিকে জাতীয় চিড়িয়াখানার উদ্দেশে পাঠানো হয়।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল কুদ্দুছ জানান, ঊর্ধ্বতন নির্দেশনা অনুযায়ী মহিষটিকে আপাতত চিড়িয়াখানায় রাখার ব্যবস্থা করা হয়েছে।
অ্যালবিনো বৈশিষ্ট্যের কারণে মহিষটির চুল ও চোখের গঠন অনেকটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট -এর সঙ্গে মিল থাকায় এর নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’। নারায়ণগঞ্জের পাইকপাড়ার একটি খামারে লালন-পালন করা মহিষটি দেখতে প্রতিদিনই ভিড় করছিল উৎসুক মানুষ।
সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক গণমাধ্যমেও মহিষটি নিয়ে ব্যাপক আলোচনা হয়। বিদেশি কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও ভিডিওতে এটি নিয়ে কৌতূহল দেখা যায়।
জানা গেছে, প্রায় ৭০০ কেজি ওজনের এই মহিষটি কোরবানির পশু হিসেবে বিক্রি হয়েছিল কয়েক লাখ টাকায়। তবে শেষ পর্যন্ত সেটির গন্তব্য হয়েছে জাতীয় চিড়িয়াখানা।
এসআর