রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্তে নেমেছে স্বাস্থ্য বিভাগ।
ঘটনাটিকে কেন্দ্র করে উচ্চপর্যায়ের তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২৭ মে) হাসপাতাল পরিদর্শনে গিয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান সাংবাদিকদের জানান, ভোর ৬টা থেকে সকাল ৯টার মধ্যে হাসপাতালের নবজাতক ওয়ার্ডে শিশুদের মৃত্যু হয়।
ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, খবর পাওয়ার পর স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা হাসপাতালে যান। প্রাথমিকভাবে জানা গেছে, অল্প সময়ের ব্যবধানে শিশুদের মৃত্যু হয়েছে। বিস্তারিত তথ্য তদন্ত শেষে জানানো হবে।
হাসপাতাল সূত্রে জানা যায়, যেই ওয়ার্ডে ঘটনাটি ঘটে সেখানে ১১ জন মা ও ছয় নবজাতক ভর্তি ছিলেন। ভুক্তভোগীদের কয়েকজন অভিযোগ করেন, ওয়ার্ডের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) কিছু সময় বন্ধ ছিল এবং পরে চালুর পর শিশুদের শারীরিক অবস্থার অবনতি ঘটে। কেউ কেউ গ্যাস লিকেজের আশঙ্কার কথাও জানিয়েছেন।
তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হয়নি। তদন্ত শেষে প্রকৃত তথ্য জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বলেন, ঠান্ডা লাগার অভিযোগে এক নবজাতকের মায়ের অনুরোধে কিছু সময়ের জন্য এসি বন্ধ রাখা হয়েছিল।
পরে গরম অনুভূত হলে এসি পুনরায় চালু করা হয়। এরপর কয়েকটি শিশু অসুস্থ হয়ে পড়ে এবং চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহ করছে।
রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলামও ঘটনাটি নিশ্চিত করে জানান, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
এসআর