রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি এলাকায় মঙ্গলবার (২৬ মে) সকালে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।
সকাল ১১টা ৪২ মিনিটের দিকে কয়েক সেকেন্ড স্থায়ী এ কম্পনে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন।
ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৬।
সংস্থাটি জানায়, কম্পনের উৎপত্তিস্থল ছিল টাঙ্গাইলের মির্জাপুর এলাকা থেকে প্রায় ২৯ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে।
এছাড়া এটি ময়মনসিংহের প্রায় ৪৭ কিলোমিটার দক্ষিণে এবং সখিপুরের ২২ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থান করছিল।
ভূমিকম্পটির ভৌগোলিক অবস্থান নির্ধারণ করা হয়েছে ২৪ দশমিক ৩৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯০ দশমিক ৩৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূ-পৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে এ কম্পনের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে ইএমএসসি।
তবে তাৎক্ষণিকভাবে কোথাও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
এসআর