[email protected] সোমবার, ২৫ মে ২০২৬
১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

সমালোচনার মুখে সংবাদ উপস্থাপকদের পোশাক নির্দেশনা বাতিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ মে ২০২৬ ৯:০১ পিএম

সংগৃহীত ছবি

সংবাদ উপস্থাপকদের জন্য আগে জারি করা পোশাকসংক্রান্ত নির্দেশনা প্রত্যাহার করেছে বাংলাদেশ বেতার।

রোববার (২৪ মে) প্রকাশিত এক নতুন অফিস আদেশে আগের নির্দেশনা বাতিলের কথা জানানো হয়। আদেশে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির মহাপরিচালকের চলতি দায়িত্বে থাকা এ এস এম জাহীদ।

 

নতুন আদেশে বলা হয়েছে, সংবাদ উপস্থাপকদের পোশাক নিয়ে পূর্বে জারি করা নির্দেশনা আর কার্যকর থাকবে না।

 

গত ৪ মে কেন্দ্রীয় বার্তা বিভাগের পরিচালক তানিয়া নাজনীনের সই করা এক নির্দেশনায় ফেসবুক লাইভে প্রচারিত সংবাদ বুলেটিনে অংশ নেওয়া উপস্থাপকদের জন্য নির্দিষ্ট পোশাকবিধি নির্ধারণ করা হয়েছিল। সেখানে নারী উপস্থাপকদের শাড়ি অথবা ওড়নাসহ সালোয়ার-কামিজ পরতে বলা হয়। পাশাপাশি বড় আকারের টিপ ব্যবহার এবং এক পাশে ওড়না রাখার বিষয়েও নিরুৎসাহিত করা হয়েছিল।

 

পুরুষ উপস্থাপকদের জন্য ফুলহাতা শার্ট ও টাই বাধ্যতামূলক করা হয়। বিশেষ অনুষ্ঠান বা দিবসে পাঞ্জাবি পরার সুযোগ রাখা হলেও টি-শার্ট ও গেঞ্জি পরতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

 

নির্দেশনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে সমালোচনার সৃষ্টি হয়। অনেকেই মনে করেন, রাষ্ট্রীয় গণমাধ্যমে সংবাদ উপস্থাপকদের ব্যক্তিগত পোশাক ও সাজসজ্জা নিয়ে এমন বিধিনিষেধ অপ্রয়োজনীয়। বিশেষ করে নারী উপস্থাপকদের জন্য আলাদা শর্ত আরোপ করাকে অনেকে বৈষম্যমূলক বলেও মন্তব্য করেন।

 

সমালোচকদের মতে, সংবাদ উপস্থাপনার ক্ষেত্রে গুরুত্ব পাওয়া উচিত উপস্থাপকের দক্ষতা, ভাষা ও পেশাদারিত্ব; পোশাকের ধরন নয়। বিতর্ক বাড়তে থাকায় শেষ পর্যন্ত আগের সিদ্ধান্ত থেকে সরে আসে বাংলাদেশ বেতার।

এসআর

সম্পর্কিত খবর