[email protected] রবিবার, ২৪ মে ২০২৬
১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঈদযাত্রা নির্বিঘ্নে ৬ দিন বন্ধ থাকবে ভারী যান চলাচল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ মে ২০২৬ ৩:৫৬ পিএম

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল আজহাকে ঘিরে রাজধানী ছাড়তে শুরু করেছেন বিপুল সংখ্যক মানুষ।

যাত্রীদের যাতায়াত স্বস্তিদায়ক রাখতে মহাসড়কে ছয় দিনের জন্য ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।


রোববার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৫ মে থেকে ২৯ মে পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে। তবে কোরবানির পশুবাহী গাড়ি, নিত্যপ্রয়োজনীয় পণ্য, খাদ্যসামগ্রী, ওষুধ, গার্মেন্টস পণ্য, সার এবং জ্বালানি পরিবহনকারী যানবাহন এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রুট পারমিট ছাড়া কোনো বাস চলাচল করতে পারবে না। আন্তঃজেলা বাসগুলোকে নির্ধারিত টার্মিনাল থেকে যাত্রী নিয়ে সরাসরি গন্তব্যে যেতে হবে। সড়কের মাঝে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করানো কিংবা অনুমোদনহীন কাউন্টার থেকে যাত্রী তোলা-নামানো নিষিদ্ধ করা হয়েছে।


এছাড়া রাজধানীতে প্রবেশ ও বের হওয়ার গুরুত্বপূর্ণ সড়কে কোনো ধরনের গাড়ি পার্কিং না করার নির্দেশ দেওয়া হয়েছে। ফিটনেসবিহীন, যান্ত্রিক ত্রুটিযুক্ত এবং অতিরিক্ত কালো ধোঁয়া নির্গতকারী যানবাহন সড়কে নামানো থেকেও বিরত থাকতে বলা হয়েছে।


ঈদের বাড়তি যানচাপ সামাল দিতে ২৫ থেকে ২৭ মে পর্যন্ত উত্তরার আব্দুল্লাহপুর থেকে কামারপাড়া হয়ে ধউর ব্রিজ পর্যন্ত সড়ক একমুখী রাখা হবে। এ সময় ওই পথে শুধুমাত্র ঢাকা ত্যাগকারী যানবাহন চলাচল করতে পারবে। রাজধানীতে প্রবেশকারী গাড়িগুলোকে বিকল্প সড়ক ব্যবহার করতে অনুরোধ জানানো হয়েছে।


যানজট এড়াতে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক জরুরি প্রয়োজন ছাড়া ব্যবহার না করার পরামর্শও দিয়েছে ডিএমপি। এর মধ্যে রয়েছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বনানী থেকে আব্দুল্লাহপুর অংশ, যাত্রাবাড়ী থেকে সাইনবোর্ড পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, শ্যামলী-গাবতলী সড়ক, ফুলবাড়িয়া থেকে বাবুবাজার ব্রিজ এলাকা এবং আব্দুল্লাহপুর-ধউর ব্রিজ সড়ক।

এসআর

সম্পর্কিত খবর