পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ১৩টি সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসকদের হাতে এই অনুদানের চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সরকারের বিভিন্ন মন্ত্রী-প্রতিমন্ত্রী এবং ঢাকা, চট্টগ্রাম, খুলনা, গাজীপুর, নারায়ণগঞ্জ, সিলেট ও বরিশালসহ বিভিন্ন সিটির প্রশাসক ও মেয়ররা।
দলীয় সূত্রে জানা গেছে, ঈদকে সামনে রেখে পরিচ্ছন্নতাকর্মীদের সহায়তার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে নগর ব্যবস্থাপনায় কর্মরত পরিচ্ছন্নতাকর্মীদের অবদানের কথাও তুলে ধরা হয়।
অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বিকেলে নামাজ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানের রাজনৈতিক কার্যালয়ে যান এবং সেখানে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন। এ সময় তিনি বিভিন্ন সিটি করপোরেশনের প্রতিনিধিদের হাতে ঈদ সহায়তার চেক হস্তান্তর করেন।
এর আগে চলতি বছরের ঈদুল ফিতরেও পরিচ্ছন্নতাকর্মীদের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল বলে জানা গেছে।
এসআর