আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বিদ্যমান বিধিমালায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, নতুন বিধিমালায় নির্বাচনী পোস্টার ব্যবহারের সুযোগ রাখা হচ্ছে না।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টারবিহীন প্রচারণার পরিকল্পনা করা হচ্ছে।
নির্বাচন কমিশন এ বিষয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে।
তিনি আরও জানান, স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা সংশোধনের কাজ চলছে এবং এতে একাধিক নতুন সিদ্ধান্ত যুক্ত করা হবে।
সংশোধিত বিধিমালায় অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ বাতিল করা হতে পারে।
পাশাপাশি নির্বাচনে ইভিএম ব্যবহারের বিধানও বাদ দেওয়ার চিন্তা রয়েছে।
নির্বাচনগুলো পুরোপুরি নির্দলীয়ভাবে আয়োজনের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, কোনো দলীয় প্রতীক ব্যবহার করা যাবে না।
একই সঙ্গে স্বতন্ত্র প্রার্থীদের জন্য বর্তমানে থাকা ১ শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দেওয়ার শর্তও তুলে দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
এ ছাড়া উপজেলা পরিষদ নির্বাচন ছাড়া স্থানীয় সরকারের অন্যান্য স্তরের নির্বাচনে জামানতের পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
তবে নতুন জামানতের পরিমাণ এখনো চূড়ান্ত হয়নি।
নির্বাচন কমিশনার আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসী ভোটারদের জন্য ডাকযোগে ভোট বা পোস্টাল ব্যালটের সুযোগ রাখা হচ্ছে না।
পাশাপাশি পলাতক আসামিরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। বিশেষ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের মামলায় চার্জশিটভুক্ত ব্যক্তিদের প্রার্থী হওয়ার সুযোগ সীমিত করা হচ্ছে।
এসআর