[email protected] বৃহঃস্পতিবার, ২১ মে ২০২৬
৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিভিন্ন জেলায় কালবৈশাখীর শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ মে ২০২৬ ৭:৫৯ পিএম

সংগৃহীত ছবি

দেশের কয়েকটি অঞ্চলে দমকা হাওয়া, বজ্রপাত ও ভারী বৃষ্টিসহ শক্তিশালী কালবৈশাখী ঝড়ের সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।


বৃহস্পতিবার (২১ মে) আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত নদীবন্দর সতর্কবার্তায় বলা হয়, সন্ধ্যার মধ্যে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চলে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বজ্রসহ বৃষ্টি হওয়ার আশঙ্কাও রয়েছে।

এ কারণে এসব এলাকার নদীবন্দরকে দুই নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এ ছাড়া ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, কুমিল্লা ও সিলেট অঞ্চলেও ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের পরামর্শ দেওয়া হয়েছে।


আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। কোথাও কোথাও অতিভারী বৃষ্টিও হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।


অন্যদিকে কয়েকটি জেলার ওপর দিয়ে চলমান মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, চাঁদপুর ও লক্ষ্মীপুরে এই তাপপ্রবাহ অনুভূত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। তবে সারা দেশে তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও আভাস দেওয়া হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর